উপকূলীয় পাঁচ জেলায় বনায়ন কর্মসূচির উদ্বোধন করলেন পরিবেশ ও বন মন্ত্রী

আপডেট : ১৯ জুন ২০১৭, ০২:৩৮

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল রবিবার বন অধিদপ্তরের আওতাধীন ‘বাংলাদেশের পাঁচটি উপকূলীয় জেলায় বনায়ন প্রকল্পের’ উদ্যোগে কাউখালী উপজেলার পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এখানে তিনি কৃষ্ণচূড়া গাছের একটি চারা রোপণ করেন। এ প্রকল্পের আওতায় গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় গাছের চারা রোপণ করা হবে। আগামী পাঁচ বছরে গোপালগঞ্জ জেলায় সুপারি ১২ হাজার, নারিকেল ১০ হাজার, স্ট্রিপ বাগান ৪৫ হাজার, তাল ৫০০০, খেজুর ২৫ হাজার, শোভাবর্ধনকারী গাছ ৭০০০, বাঁশ ৫৪ হাজার, পিরোজপুর জেলায়  সুপারি ৯৫ হাজার, নারিকেল ৯৮ হাজার, স্ট্রিপ বাগান ২৫ হাজার ৩০০, তাল ৮৪০০, খেজুর ২৫ হাজার ২৫২, শোভাবর্ধনকারী গাছ ৬৪ হাজার ৯৫০, বাঁশ ১৯ হাজার, খুলনা জেলায় সুপারি ২৫ হাজার, নারিকেল ২১ হাজার, স্ট্রিপ বাগান ১ লাখ, তাল ১৭ হাজার, খেজুর ১৬ হাজার, শোভাবর্ধনকারী গাছ ২১ হাজার, বাঁশ ৯ হাজার ২০০, বাগেরহাট জেলায় সুপারি ৪০ হাজার, নারিকেল ১৯ হাজার ৪০০, স্ট্রিপ বাগান ৭৭ হাজার, তাল ৯০০০, খেজুর ১০ হাজার, শোভাবর্ধনকারী গাছ ১২ হাজার, বাঁশ ৭৪০০ এবং সাতক্ষীরা জেলায় সুপারি ২০ হাজার, নারিকেল ১০ হাজার, স্ট্রিপ বাগান ৫০ হাজার, তাল ৫০০০, খেজুর ৫০০০, শোভাবর্ধনকারী গাছ ৫৫০০, বাঁশ ৩০০০টিসহ এসব চারা লাগানো হবে। সরকারের অর্থায়নে বন বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

গতকাল রবিবার গাছের চারা লাগিয়ে এ প্রকল্পের বাস্তবায়ন উদ্বোধনকালে বন বিভাগের যশোর সার্কেলের সামাজিক বন বিভাগের বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো.  মইনউদ্দিন খান, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ইউএনও লাবনী চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউখালী সংবাদদাতা রবিউল হাসান রবিন জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে গতকাল দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে আমড়াজুড়ি ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়।  এরপর মানিক মিয়া  বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর ইউনিয়নের এবং চিড়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন  এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ইউনিয়নের  সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়।  বিতরণকালে জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, কাউখালী উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে কাউখালীর আমীনুর রশীদ মিল্টন, আমড়াজুড়ির শামসুদ্দোহা চাঁদ, সয়না-রঘুনাথপুরের আবু সাইদ মিয়া মনু প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাণ্ডারিয়া সংবাদদাতা ফজলুর রহমান জানান, বিকালে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে প্রাকৃতিক দুর্যোগ উপ-খাত হতে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করেন। স্থানীয় সেনেরহাটে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও জেপি’র উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জেপি ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ দুলাল প্রমুখ। এ ছাড়া দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে এ ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসচ্ছল পরিবারের মাঝে মন্ত্রীর উপস্থিতিতে কাপড় বিতরণ করা হয়।

ইত্তেফাক/নূহু