ভালুকায় জলাবদ্ধতার শিকার তিন হাজার পরিবার

আপডেট : ১৯ জুন ২০১৭, ০২:৫৭

উপজেলার হবির বাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় কালভার্ট ও ড্রেন বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীসহ ওই এলাকায় বসবাসকারী জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার হবিরবাড়ি সিডস্টোর বাজারের পূর্ব পাশের ৭/৮ শ বাসা-বাড়ি রয়েছে। এর মধ্যে ৫ শতাধিক বাসা-বাড়ি ঢাকা-ময়মনসিংহ ফোর লেন সড়ক থেকে কিছুটা নিচু এলাকায়। ওই এলাকায় পানি নিষ্কাশনের জন্য সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ফোর লেন সড়কে কালভার্ট স্থাপন করা হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল কালভার্টের উভয় পাশের মুখ বন্ধ করে দিয়ে স্থাপনা নির্মাণ করে। এতে ওই এলাকার ৭/৮ শতাধিক বাসা-বাড়িতে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ওই সব এলাকায় আবাসিকভাবে বসবাসকারী শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমিকসহ এলাকাবাসী চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পানি জমে নষ্ট হচ্ছে শাক-সবজি, মৌসুমি ফল ও ফসল। ইতোমধ্যে অনেক এলাকায় কাঁচা ঘর-বাড়ির দেয়াল ভেঙে পড়তে শুরু করেছে। অনেকেই বাসা-বাড়ি ছেড়ে চলে গেছে অন্যত্র। টয়লেটের ময়লা ছড়িয়ে পড়ছে জলাবদ্ধতার পানিতে। কোথাও দেখা যায়, পারাপারের জন্য তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। কোথাও কোথাও আবার হাঁটু থেকে কোমর পানিতে ভিজে নিজ বাড়িতে আসা যাওয়া করতে হচ্ছে। অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন নৌকা।

জলাবদ্ধতায় আটকে পড়া জনৈক বৃদ্ধা মহিলা (৫০) জানান, ‘৩ দিন যাবত্ তাদের বাসায়  নাওয়া-খাওয়া বন্ধ রয়েছে । রান্না ঘরে পানি উঠে গ্যাসের চুলা ডুবে যাওয়ায় চিড়া-মুড়ি খেয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছি।’

হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, ‘ওই এলাকার পানি নিষ্কাশনের উদ্যোগ স্থানীয় প্রভাবশালী মহলের চাপের কারণে বার বার বাধাগ্রস্ত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে দু একদিনের মধ্যে জলাবদ্ধ এলাকা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।

ইত্তেফাক/নূহু

ইত্তেফাক/নূহু