মাগুরায় যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০১৭, ১১:১৩
মাগুরার মহম্মদপুরের হরিণডাঙ্গা এলাকা থেকে আব্বাস মিয়া (২২) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাবুখালি ইউনিয়নের হরিণাডাঙ্গা গ্রামের মৃত ওয়াজেদ মিয়ার ছেলে।
 
রবিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বাবুখালি ইউনিয়নের হরিণাডাঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে  লাশটি উদ্ধার করা হয়।
 
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাত থেকে আব্বাস নিখোঁজ ছিলেন। রবিবার  রাতে আব্বাসের বাড়ির দুইশ গজ দূরে রাস্তার পাশে মসজিদের পরিত্যক্ত ইঁদারার মধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বাবুথালী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম বলেন, আব্বাসের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত  প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/এমআর