সাতক্ষীরার পারুলিয়া এলাকা থেকে ৬৭ লাখ ৩২ হাজার ৮শ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবীসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। রবিবার গভীর রাতে দেবহাটা উপজেলার পারুলিয়া ঘোষপাড়া এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের ৮০টি থ্রি-পিচ, ৭৬ টি পাঞ্জাবী, ৬৪০ মিটার থান কাপড়, ইমিটেশনের ৩৭০ টি গলার হার, ৬১০ জোড়া কানের দুল, ৪২২ জোড়া কানের ফুল, ৭৬০ টি চুলের ক্লিপ, ৭০ টি আংটি, ৫৬ জোড়া নূপুর, ১২৪০ টি গলার চেইন, ৯ হাজার ২০০ জোড়া হাতের চুড়ি, ১৫২ পিচ জোড়া হাতের বালা, ১২৭২ পিচ চশমা। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ বিজিবির আওতাধীন বাঁকাল চেক পোষ্টের হাবিলদার মোঃ হাবিবুল্লাহ আল বাকীর নেতৃত্বে একটি টহল দল রবিবার গভীর রাতে দেবহাটা উপজেলার পারুলিয়া ঘোষপাড়া পাকা রাস্তার পার্শ্বে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ লাখ ৩২ হাজার ৮শ টাকার এসব মালামাল গুলো জব্দ করা হয়। পরে মালামাল গুলো সাতক্ষীরা শুল্ক গুদামে জমা করা হয়।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি এ ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর
