বিহারে অপহরণ করে কিশোরীকে গণধর্ষণ

আপডেট : ১৯ জুন ২০১৭, ১৫:৫৪
বিহারে অপহরণের পরে ১৬ বছরের এক কিশোরী ছয় দুর্বৃত্তের হাতে ধর্ষণের শিকার হয়েছে। ওই কিশোরীকে ধর্ষণের পর চলন্ত ট্রেন থেকে ফেলা দেয়া হয়, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঝুলছে কিশোরীর জীবন।
 
জানা গেছে, দশম শ্রেণীতে অধ্যয়নরত ওই কিশোরী শুক্রবার সন্ধ্যায় বন্ধুর বাড়িতে যাওয়ার পথে তাকে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা। তাকে জোর করে একটি ট্রেনে তুলে নিয়ে গণধর্ষণ করে। পরের দিন রেললাইন থেকে আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মেয়েটির পরিবারের দাবি ধর্ষণের পরে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হয়। তবে স্থানীয় পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে বলে, মেয়েটি যখন দেখে যে তার আত্মীয় স্বজন তার খোঁজে স্টেশনে এসেছে তখন সে ট্রেন থেকে লাফ দেয়। 
 
পরবর্তীতে মেয়েটিকে পাটনা মেডিকেল হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি করতে ছয় ঘণ্টা লাগে। মেয়েটির পরিবার বলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বেড খালি নেই বলায় ভর্তি হতে দেরি করায়। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।  
 
এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যরা নিখোঁজ রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এটা একটা ঘৃণ্য অপরাধ। অভিযুক্তরা যাতে পালাতে না পারে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির