গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে মুকসুদপুর উপজেলার ডোমড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমড়াকান্দি নামক স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বিআরটিসি বাসের ড্রাইভার মো. আবুল হোসেন শিকদার (৪৫) মাদারীপুরের কালকিনি উপজেলার শশীকর গ্রামের মৃত. উদয় রায়ের ছেলে মনোজ কুমার (৪০) মারা যান।
পরে রাজৈর হাসপাতালে নেয়ার পর বরগুনার আমতলীর জব্বার মিয়ার ছেলে কাওছার (১২) ও ভোলা জেলার আবদুল মান্নানের মেয়ে মুন্নি আক্তার (১৮) মারা যান। বিকালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বরিশালের আজিজ হাওলাদার (৬০) ও কামাল (১৭) মারা যান । আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলিরপাড় ফাড়িঁর ইনচার্জ শাহ জামাল বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয় । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
