দুই বিচারিক ম্যাজিস্ট্রেট লাঞ্ছনার ঘটনায় মূল হোতা ৭ দিনের রিমান্ডে

আপডেট : ২০ জুন ২০১৭, ০০:৫৯

জামালপুরে দুই বিচারিক ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার ঘটনায় প্রধান আসামি মোতাহার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯জুন রবিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার মুক্তগাছা থেকে তাকে গ্রেফতার করে।

গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করে দশ দিনের রিমান্ড আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক। এর আগে এজাহারভুক্ত আসামি ব্যবসায়ী মিন্টু মিয়া ও মমিনুল ইসলাম রিপনকে সাত দিন এবং আসামি ব্যবসায়ী পারভেজকে তিন দিনের রিমান্ড দিয়েছেন একই আদালত। এ পর্যন্ত মামলার আসামি ৪জন ব্যবসায়ীকে রিমান্ড মঞ্জুর করে।

মোতাহার হোসেন শহরের মুসলিমাবাদ এলাকার তমছের আলীর ছেলে এবং শহরের মিতালী মার্কেটের সিঙ্গাপুর লেদার হাউজের মালিক।

উল্লেখ্য, গত ১৪জুন বুধবার বিকেলে জামালপুর শহরের মিতালী মার্কেটের সিঙ্গাপুর লেদার হাউজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম গোলাম রসুল এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানকে লাঞ্ছিত করে ব্যবসায়ীরা। এ ঘটনায় গত বুধবার রাতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

ইত্তেফাক/নূহু