সিলেট-টঙ্গী মহাসড়কের ঘোড়াশালে শহীদ ময়েজউদ্দিন সেতুর প্রধান সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী জানায়, সামান্য বৃষ্টি হলেই সড়ক জুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় বড় গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। জানা যায়, ব্যস্ততম এ ঘোড়াশাল-পাঁচদোনা সড়কটি ঢাকার উত্তরাঞ্চলের সাথে নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা শহরে যাতায়াতের জন্য গুরুত্ব বহন করে আসছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছে যাত্রী ও পণ্যবাহী হাজারো পরিবহন। এছাড়া সড়কের আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী যাতায়াত করার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্বপাশে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার পিচ উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এছাড়া অধিকাংশ স্থানে সড়ক দেবে মাটি বের হয়ে গেছে, ফলে অল্প বৃষ্টি হলে কাদায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো সড়ক জুড়ে। জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে গত দুইদিনের টানা বৃষ্টিতে সড়কটি একেবারে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়লে কিছুটা নড়েচড়ে বসে নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ। কাদাবেষ্টিত রাস্তায় ইট বসিয়ে যান চলাচলে চেষ্টা চালায়। এ প্রসঙ্গে নরসিংদীর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, রাস্তাটি মেরামতে দরপত্রের কাজ শেষ হয়েছে। বর্ষা মৌসুম শেষে এর কাজ ধরা হবে। আপাতত ইটের সলিং দিয়ে যান চলাচলে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
