রাজবাড়ীর বালিয়াকান্দিতে কলেজ ছাত্রীর মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল। এসময় তাদের ব্যবহৃত মোবাইল থেকে ওই নগ্ন ভিডিওটি উদ্ধার করা হয়েছে।সোমবার রাতে বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সদর ইউনিয়নের বাউনি বনগ্রামের মো. রেজাউল মণ্ডলের ছেলে শাওন মণ্ডল (১৯), পাইককান্দি গ্রামের আমিন মণ্ডলের ছেলে সজিব মণ্ডল (২১) ও ঢোলজানি গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. ফারুক আহমেদ (২২)।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বালিয়াকান্দির এক কলেজছাত্রীর সঙ্গে বনগ্রামের রেজাউল মণ্ডলের ছেলে শাওন প্রেমের অভিনয় করে অন্তরঙ্গ মূহুর্তের ছবি গোপনে ভিডিও ধারণ করেন। পরে শাওন ও তার বন্ধু মো. সজিব মণ্ডল এবং মো. ফারুক আহমেদ ওই ভিডিও ইন্টারনেট এ ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ টাকা দাবি করে। ভিকটিমের পরিবার এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়রি করেন এবং র্যাব ফরিদপুর ক্যাম্পের সহায়তা কামনা করেন। তারই প্রেক্ষেতি রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃত যুবকদের বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
