সুন্দরগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৭, ১৬:৫০
 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামে পুকুর থেকে রবিউল নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
জানা গেছে, পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আছর উদ্দিন আকন্দের ছেলে ধান ব্যবসায়ী রবিউল ইসলাম (৪৮) গত রবিবার রাত আনুমানিক ১০টার সময় ব্যবসায়িক কারণে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওই গ্রামের একটি পুকুরে রবিউলের লাশ দেখতে পায় স্থানীয়রা।
 
পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান