থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে দারোগাসহ তিন পুলিশ সদস্যকে মারধর করে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে মাদক সেবীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার রতনপুর গ্রামে। হামলায় আহত কাজীরহাট থানার সহকারী উপ-পরিদর্শক হারুন, কনস্টেবল মহিউদ্দিন ও ফজলুল হককে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কাজীরহাট থানায় পৃথক আইনে দুটি মামলা দায়ের করেছে। কাজিরহাট থানার ওসি মাসুম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাতে উপজেলার রতনপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার পলাতক আসামি লিমন বাবুকে (২৫) দুই পিস ইয়াবাসহ আটক করে রতনপুর ফাঁড়ির ইনচার্জ হারুন এবং কনস্টেবল মহিউদ্দিন ও ফজলুল হক।
মাদক ব্যবসায়ী লিমনের আটকের খবর পেয়ে তার সহযোগী বিদ্যানন্দনপুর গ্রামের আলাউদ্দিন মিয়া, রুবেল মিয়া, কবির হোসেন, হুমায়ুনসহ আট/দশজন সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ওই তিন পুলিশ সদস্যকে মারধর করে আটককৃত রিমন বাবুকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হামলায় আহত এএসআই হারুন বাদী হয়ে পৃথক দুটি ধারায় কাজিরহাট থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/জামান
