কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকার শাওন ফল ভাণ্ডারের মালিক রবিউল ইসলামের (২৫) গলাকাটা লাশ মঙ্গলবার বিকালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের আপন খালাতো ভাই নুর আলমকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফল ব্যবসায়ী রবিউল গত রবিবার সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেনি। রবিউলের খালাতো ভাই চৌড়হাস এলাকার মামা-ভাগ্নে ফল ভাণ্ডারের মালিক নুর আলম পূর্ব বিরোধের জের ধরে তাকে নিজ দোকানে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এরপর রবিউলের চোখ, মুখ ও হাত-পা কাপড় দিয়ে বেধে জবাই করে হত্যার পর প্লাস্টিকের ড্রামে লাশ ভর্তি করে বালু চাপা দিয়ে দোকানের গোডাউনে লুকিয়ে রাখে।
পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে জানালে মডেল থানার পুলিশ এসে লাশ ভর্তি ড্রামটি উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটককৃত নিহতের আপন খালাতো ভাই নুর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের খালাতো ভাই নুর আলম হত্যার বিষয়টি স্বীকার করেছে। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা তদন্তে জানা যাবে বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান
