মানিকগঞ্জে ঢালাইয়ের দিনই ধসে পড়লো ব্রিজ

আপডেট : ২১ জুন ২০১৭, ০১:১৬

মানিকগঞ্জে ঢালাই করার পর পরই ধসে পড়েছে ৬০ ফুট দৈর্ঘ্য ব্রিজের একটি অংশ। রবিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হাটের অদূূরে পাঞ্জনখাড়া মৌজায় ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন ব্রিজটির স্ল্যাপ ঢালাই চলছিল রবিবার। দুপুরে ব্রিজটির ঢালাই কাজ শেষ করার পর আকস্মিকভাবে ব্রিজটি ভেঙে পড়ে।

জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৫৭ লাখ টাকা ব্যয়ে মেসার্স জে.জে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশনের অধীনে জেলা যুবলীগ নেতা আবু জাফর এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার ব্রিজটির নির্মাণ কাজটি করছিলো। ঢালাইয়ে দুর্বল বাঁশ ও অন্যান্য সামগ্রী ব্যবহার করায় এ ধসের ঘটনা ঘটে।

এ বিষয়ে আফসার উদ্দিন সরকার জানান, ব্রিজটি এখনো নির্মাণাধীন। বৃষ্টি ও বাঁশের ঠেকনি পিছলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এটি নিতান্তই একটি দুর্ঘটনা। তবে এখানে কোনো দুর্বল সামগ্রী ব্যবহার করা হয়নি।

ইত্তেফাক/নূহু