সাতক্ষীরা শ্যামনগরের কৈখালীতে নিখোঁজ থাকার তিন দিন পর নদী থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চিংড়ি রেণু ব্যবসায়ী ইয়াসিন গাজী(৩৫) উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির গাজী নামের একজনকে আটক করেছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইয়াছিন গাজী চিংড়ি রেণুপোণার ব্যবসা করার সুবাদে স্থানীয় ফারুক, বিল্লাল ও মনির নামের তিন জনের কাছে সে টাকা পেত। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত সোমবার রাতে তাকে তার বাড়ি থেকে ওই তিনজন ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।আজ বুধবার সকালে তার মরদেহ কালিঞ্চি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ইয়াছিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
