বিএসএফ'র গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ নিতে উদ্যোগ

আপডেট : ২১ জুন ২০১৭, ১৬:৫৪
 
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত নিতে উদ্যোগ গ্রহণ করেছে বিজিবি।
 
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার খোশালপুর সীমান্তে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। এ নিয়ে বিজিবি-বিএসএফ দুই দিন ধরে পত্র চালাচালির এক পর্যায়ে বুধবার দুপুরে বিএসএফের ৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বেনীপুর সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করার জন্য পত্র পাঠায়।
 
কিন্তু ৫৮ বিজিবি'র অধিনায়কের পক্ষ থেকে বেলা আড়াইটায় আবারও বিএসএফের কাছে ফিরতি বার্তায় জানায় মহেশপুর উপজেলাধীন সীমান্ত দিয়েই লাশ দুটি হস্তান্তর করার জন্য। ৫৮-বিজিবি'র উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দিন জানায়, সন্ধ্যার মধ্যেই লাশ দুটি হস্তান্তর হতে পারে।
 
তিনি আরো জানান, আহত দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, খোশালপুর গ্রামের কবির হোসেন ও আলা উদ্দিন। তারা যশোর হাসপাতালে ভর্তি রয়েছে। বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি'র যশোর সেক্টর কমান্ডার কর্নেল মাসুদ ৫৮-বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান, উপ-অধিনায়ক মেজর জসিম খোশালপুর সীমান্তে অবস্থান করছিলেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার সকালে ভারতে গরু আনতে যেয়ে কুমারী ক্যাম্পের বিএসএফের গুলিতে খোশালপুর গ্রামের সোহেল তরফদার (২০) এবং শ্যমকুড় গ্রামের হারুন (২২) ঘটনা স্থলে মারা যান।
 
ইত্তেফাক/জামান