ফুটবল জাদুকর আব্দুল হালিমকে সম্মাননা

আপডেট : ২১ জুন ২০১৭, ১৮:৩৬
 
ফুটবল মাথায় নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে দুটি রেকর্ডধারী মাগুরার কৃতি সন্তান ফুটবল জাদুকর খ্যাত আব্দুল হালিমকে সম্মাননা জানানো হয়েছে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল এর উপস্থিতিতে বুধবার বিকেলে জেলা প্রশাসন এ সম্মাননার আয়োজন করে।
 
মাগুরার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা সভায় আব্দুল হালিমকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা বাসুদেব কুণ্ডু, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্রসহ অন্যরা।
 
এ সময় গোলাম মর্তুজা স্বপন আব্দুল হালিমের অর্থনৈতিক দুরবস্থার কথা শুনে তাকে সার্বিক সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আব্দুল হালিমকে স্থায়ী আয়ের উৎস সৃষ্টিতে সহায়তার আশ্বাস দেয়া হয়।
 
ইত্তেফাক/জামান