কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবলীগ নেতা আমির হোসেন রাজন হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এ হত্যাকাণ্ডের দেড় মাস পর তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে তিন আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বিকেলে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা আমির হোসেন রাজনের সাথে একই এলাকার মোস্তফা-স্বপন গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৬ মে দাউদকান্দি পৌর এলাকার পশ্চিম মাইজপাড়া বলদাখাল রোডস্থ মসজিদের পাশে পেয়ে সন্ত্রাসীরা চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রাজনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম এর নেতৃত্বে ঢাকার আশুলিয়া থানার নরসিংদীপুর হতে মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- দাউদকান্দির কাজিরকোনা গ্রামের মোস্তফা কামাল, মোহাম্মদ আলী, স্বপন মিয়া, আবু তাহের।
এদের মধ্যে মোহাম্মদ আলী ছাড়া অপর তিন আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাত উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বুধবার বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা পরিচয় গোপন রেখে আশুলিয়া থানার নরসিংদীপুর এলাকায় বাড়ি ভাড়া করে আত্মগোপন করেছিল। মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/জামান
