জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান

আপডেট : ২১ জুন ২০১৭, ২০:৪১
 
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন বন্ধে বুধবার দুপুরে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের বাউরবাগ নয়াবস্তি ও নয়াগাঙের পাড় কোয়ারি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরঞ্জামসহ ১২টি পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন ধ্বংস করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। অভিযানকালে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এদিকে সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় সরকারি খাস জমিতে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরত ছোট ছোট দশটি ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। গত মঙ্গলবার সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে এ অভিযান চালায় টাস্কফোর্স।
 
উচ্ছেদ হওয়া ঘরগুলোকে সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে থেকেই জানানো হয়েছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, 'অভিযানে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনের জন্য পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত তিনটি শেলো মেশিন পুড়িয়ে দেওয়া হয়। অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।'
 
সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড় ধ্বসের ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানানো হয়, সিলেটের পাহাড়ি অঞ্চলও এ ঝুঁকির মধ্যে আছে। ইতোমধ্যে মৌলভীবাজার জেলার শমশের নগরে পাহাড় ধসের কারণে সারাদেশের সাথে বিচ্ছিন্ন হয় রেল যোগাযোগ। বড়লেখায় পাহাড় ধসে নিহত হন দুইজন।
 
এছাড়া সিলেট জেলার আটটি উপজেলায় টিলাধসের ঝুঁকিতে বসবাস করছে হাজারো মানুষ। অতিবৃষ্টির কারণে টিলা ধসে সিলেটের বিভিন্ন উপজেলায় আরো প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা  হচ্ছে।
 
ইত্তেফাক/জামান