মির্জাপুরে পানিতে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৭, ২০:৫৬
 
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
 
নিহতরা হচ্ছে বানিয়ারার ইয়াছিন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১০) এবং জামাল মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (৭)। নিহত দুই শিশু চাচাতো বোন বলে জানা গেছে।
 
বানিয়ারা গ্রামের মোসলেম উদ্দিন জানান, শিশুরা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে প্রথমে ফাতেমা পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করার জন্য মরিয়ম চেষ্টা করে সেইও পানিতে ডুবে যায়।
 
আশপাশের লোকজন ঘটনাটি দেখে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকগণ তাদের মৃত ঘোষণা করে। একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/জামান