মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুটি রাস্তা টিলাধসে বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সীমান্তবর্তী বোবারতল এলাকার ১০ গ্রামের অন্তত ১০ হাজার মানুষ। রাস্তা দুটির ৬০ থেকে ৬৫টি স্থানে টিলার মাটি ধসে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় ও এলাকায় উত্পাদিত কৃষিপণ্য বাজারজাত করা সম্ভব হচ্ছে না। ১৭ জুন রাতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এই ধসের ঘটনা ঘটে।
জনপ্রতিনিধি, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা বাজার-বোবারতল ১১ নম্বর সড়ক এবং উত্তর ডিমাই-অরতকি-গান্ধাই ভায়া বোবারতল রাস্তার বিভিন্ন স্থানে টিলা ধসে রাস্তার ওপর মাটির স্তূপ জমে আছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। একমাত্র জিপগাড়ি এই কাঁচা সড়ক দুটিতে চলাচল করে। লোকজন পাহাড় ডিঙিয়ে চলাচলের চেষ্টা করছে। কিন্তু পাহাড় ডিঙিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসা এবং এলাকায় উত্পাদিত কাঁঠাল, লেবু, জারা লেবু, কলা ও পান বড়লেখা উপজেলা সদরে নিয়ে বিক্রি করতে পারছে না। এই পণ্যগুলোই এলাকাবাসীর আয়ের একমাত্র উত্স। গ্রামগুলো থেকে ছোটলেখা বাজার এবং উত্তর ডিমাই এলাকার দূরত্ব আট কিলোমিটার এবং উপজেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটার। শনিবার রাতে প্রবল বর্ষণে টিলাসমূহের মাটি ধসে অরতকি, গগনটিলা, দক্ষিণ গান্ধাই, মধ্য গান্ধাই, পশ্চিম গান্ধাই, বোবারতলসহ ৬০ থেকে ৬৫টি স্থানে টিলা ধসে মাটি পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মধ্য গান্ধাই, দক্ষিণ গান্ধাই, পশ্চিম গান্ধাই, ফেকুছড়া, মধ্য ফেকুছড়া, ইসলামপুর, ষাইটঘরি, উত্তর ষাইটঘরি, করইছড়া এবং গান্ধাই পানপুঞ্জি গ্রামের সঙ্গে। এই গ্রামগুলোতে ১০ হাজার মানুষের বাস। চারদিন ধরে গ্রামগুলোর মানুষ উপজেলা সদরের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
ইত্তেফাক/নূহু
