গত কয়েক দিনের টানা বর্ষণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শামছু মন্ডলের বাজার সংলগ্ন একটি কাঁচা রাস্তা ধসে পড়েছে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলার উজানচর ইউনিয়নের ইয়াজউদ্দিন মাতুব্বার পাড়া, হাবিল মন্ডল পাড়া, ফৈজদ্দিন মাতুব্বার পাড়া, ফরিদপুর সদর উপজেলার কামারডাঙ্গি ও মেঝ মিয়ারডাঙ্গি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। গোয়ালন্দ শামছু মন্ডলের বাজার থেকে ফরিদপুরের কামারডাঙ্গি দিয়ে মূল সড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই সড়ক। সড়কটি কাঁচা হলেও প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে থাকে।
সড়কের ভাঙা অংশটুকু এমন অবস্থা হয়েছে যে পায়ে হেঁটেও চলাচলের উপায় নেই। স্থানীয় শুকুর আলী শেখ, উম্বার শেখ, আব্দুর রব মোল্লাসহ স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির গুরুত্ব বিবেচনা করে অনেক আগেই পাকা হওয়ার কথা ছিল। এটা এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। যা ছিল তার উপর দিয়েই মানুষ চলাচল করে আসছিল। টানা বর্ষণে সে উপায়ও রইলো না।
উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর বলেন, বর্ষণে ধসে যাওয়া রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। সড়কটি পাকা করার জন্য প্রকল্প জমা দেয়া আছে। আশা করছি আগামীতে গুরুত্বপূর্ণ সড়কটি পাকা করা সম্ভব হবে।
ইত্তেফাক/নূহু
