নেত্রকোনা সদর, পূর্বধলা ও দুর্গাপুর এই তিন উপজেলার সংযোগস্থলে দেওটুকোন ফেরিঘাটে সেতু না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ফেরিঘাটটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। সরেজমিনে গিয়ে দেখাগেছে, দুর্গাপুর উপজেলা সদর থেকে নেত্রকোনা জেলা শহর, পূর্বধলা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার একমাত্র বাইপাস সড়কটি দিয়ে দেওটুকোন নামক স্থানে কংস নদীর ওই ফেরিঘাটে একটিমাত্র নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রতিদিন অসংখ্য মালবাহী ইঞ্জিনচালিত ট্রলি, ট্রাক্টর, মোটরসাইকেল,মাহেন্দ্রবাইক, অটোরিকশা, ঠেলাগাড়ি ও ভটভটিসহ বিভিন্ন যানবাহন।
অপর দিকে দামপাড়া বেড়ী বাধ থেকে আরেকটি বাইপাস সড়ক দিয়ে ওই ফেরিঘাটে একই ভাবে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পূর্বধলা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা গামী জনসাধারণ। কিন্তু যানবাহন উঠানামা করার জন্য ঘাটের দুই পাশের সিঁড়ি খুবই নড়বড়ে, নৌকার মাঝিও অপ্রাপ্ত বয়স্ক, অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে সবসময়, গভীর নদীতে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এর পরও মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে যানবাহনসহ হাজার হাজার মানুষ। তাই উক্ত স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/এমআর
