বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

আপডেট : ২২ জুন ২০১৭, ১১:৩৪
 
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
 
আজ বৃহস্পতিবার ভোরে অবৈধভাবে ভারতীয় সীমান্তে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে বলে বিজিবি নিশ্চিত করেছেন।
 
আহত গরু ব্যবসায়ী লতিফুর উপজেলার পশ্চিম হরিণমারী এলাকার আলিম উদ্দিনের ছেলে।
 
বিজিবি জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে অবৈধভাবে লতিফুর রহমান গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোনামতি ক্যাস্পের সৈন্যরা লক্ষ্য করে লতিফুরকে গুলি ছোড়ে। এ সময় লতিফুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফের সদস্যরা লতিফুরকে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান।
 
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার গুলিবিদ্ধ হয়ে আহতের কথা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ লতিফুরকে দেশে আনার জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে