তিনবার উইম্বলডন শিরোপা জয়ী জার্মান টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের এক আদালত। দীর্ঘদিন ধরেই ঋণে জর্জরিত ছিলেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচের সাবেক কোচ ও টিভি ধারাভাষ্যকার ৪৯ বছর বয়সী বরিস বেকার। যদিও আদালতের এই শুনানিতে তিনি উপস্থিত ছিলেন না।
জানা গেছে, বেসরকারি ঋণদাতা সংস্থা আরবাথনট ল্যাথাম অ্যান্ড কোং থেকে ২০১৫ সালে ঋণ নিয়েছিলেন বেকার। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি তিনি। বুধবার লন্ডনে আদালতের কাছে বরিস বেকারের আইনজীবী আরো ২৮ দিন সময় চেয়েছিলেন।
IMG0
কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় যে, বরিস বেকার এই ঋণ শোধ করতে পারবে বলে তারা মনে করছে না। বেকারের ঋণের যে বোঝা তা অকল্পনীয়, ফলে তাকে দেউলিয়া ঘোষণা করলো আদালত।
তবে বরিস বেকারের সামনে ঋণ শোধ করার একটা শেষ সুযোগ রয়েছে। মালোরকায় বেকারের প্রায় ৭মিলিয়ন ইউরোর সম্পত্তি রয়েছে। সেটা বন্ধক রেখেই ঋণমুক্ত হতে পারেন তিনি। টেনিসের সাবেক এক নম্বর তারকার আইনজীবী জন ব্রিগসের মতে এই চুক্তিটা স্পেনের আদালত মাসখানেকের মধ্যেই অনুমোদন করবে।
IMG1
উল্লেখ্য, বরিস বেকার উইম্বলডন শিরোপা জিতেছেন ১৯৮৫, ১৯৮৬ ও ১৯৮৯ সালে। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন ১৯৯১ ও ১৯৯৬ সালে। ১৯৮৯ সালে তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপও জিতেন। ১৯৮৮ ও ১৯৮৯ সালে পশ্চিম জার্মানির ডেভিস কাপ জয়ের পেছনেও ছিল বরিস বেকারের ভূমিকা। বিবিসিসহ অন্যান্য মিডিয়ায় বিশ্লেষক হিসেবে দেখা যায় বরিস বেকারকে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
