বেনাপোল-যশোর সড়কের শ্যামলাগাছি নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ভারতগামী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন, মাইক্রোবাসের চালক জাহিদুর রহমান (৪০)। তিনি বেনাপোল স্থলবন্দরের গাড়ী চালক। জাহিদুরের পিতার নাম আব্দুল মোতালেব। আহতরা হলেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুর রহমান (৫২) এবং আনছার সদস্য সাইদুর রহমান (২৬)। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খরব পেয়ে নাভারন হাইওয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে বাসটি জব্দ এবং চালক বিশ্বজিত চক্রবর্তীকে (৪৫) আটক করেছে। আটক বিশ্বজিত ভারতের আগরতলার রনজিত চক্রবর্তীর ছেলে।
নাভারন হাইওয়ে পুলিশের সহকারী পরিদর্শক হারুন অর রশীদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।পরে বেনাপোল চেকপোস্ট থেকে ৩৭ জন যাত্রীবাহী আগরতলা-কলকাতা ভায়া ঢাকার চলাচলকারী বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
