বগুড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক রফিকুল ইসলাম (৪০) ও ঢাকার উত্তরার আলিফ ড্রিং কিং লিমিটেডের পরিচালক আনোয়ারুল ইসলাম (৪৫)। দুর্ঘটনায় আনোয়ারুল ইসলামের স্ত্রী, ছেলে-মেয়ে ও শ্যালক আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের টিএসআই আশুতোষ জানান, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা আনোয়ারুল ইসলাম তার পরিবার নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরে যাচ্ছিলেন। পথে বগুড়ার বেলাইল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মারা যান। মাইক্রোবাস চালক রফিকুল ইসলাম (৪০)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বারতো গ্রামের আজির উদ্দিনের ছেলে। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় আহত আনোয়ারুল ইসলাম বিকেল ৪টার দিকে মারা যান। তিনি দিনাজপুর সদর উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ঈদ করতে পরিবারকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহতরা শজিমেকে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক ও মাইক্রোবাস জব্দ করেছে বলে জানান টিএসআই আশুতোষ।
ইত্তেফাক/জামান
