নিজ নির্বাচনী এলাকার মানুষকে জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় হাঁটু পানিতে নেমে প্রায় আধা কিলোমিটার সড়ক পায়ে হেঁটে খাল সংস্কার কাজের উদ্বোধন করেছেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। গতকাল বৃহস্পতিবার সকালে কদমতলীর জলাবদ্ধতা কমানোর জন্য শ্যামপুর খাল ও সবুজবাগ খাল সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বাবলা বলেন, আমার নির্বাচনী এলাকা কদমতলীসহ পুরো ডিএনডিবাসীর জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সেনাবাহিনী। এজন্য ৫৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী আগস্টে সেনাবাহিনী ডিএনডি সেচ প্রকল্পের কাজ শুরু করবে। চলতি বর্ষা মৌসুমে কদমতলীর জলাবদ্ধতা কিছুটা হলেও কমাতে খাল সংস্কারের ব্যবস্থা করেছি। সমাবেশে আরো বক্তব্য রাখেন- জাপার কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শাহ ইমরান রিপন, শ্যামপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মো. স্বাধীন, যুব সংহতির সভাপতি মোহাম্মদ আলমগীরসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতারা।
ইত্তেফাক/নূহু
