সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৩ জুন ২০১৭, ১২:৪৯
নীলফামারীর সৈয়দপুরে নৈশ কোচের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে চাপা পড়ে চালক  আলম উদ্দিন (৪০) নিহত হয়েছে।এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছে।নিহত আলমের বাড়ি রংপুরের পাগলাপীর এলাকার নেকীরহাট গ্রামে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, রাতে কামারপুকুরের কাদেরের মোড় নামক স্থান অতিক্রম করার সময় সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি নৈশ কোচ  পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী রাস্তায় ছিটকে পড়ে এবং ভ্যানটি বাসের নিচে ঢুকে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রমেকে নেয়ায় পথে ভ্যানচালকের মৃত্যু হয়।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে  বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
 
প্রসঙ্গত, এ ঘটনার মাত্র একদিন আগে গত বুধবার (২১ জুন) একই স্থানে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়।
 
ইত্তেফাক/এমআর