বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যানজট

আপডেট : ২৩ জুন ২০১৭, ১৯:১৭
 
সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কের কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। শুক্রবার ভোর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২৪ জেলার যানবাহনগুলো লম্বা সারিবদ্ধ হয়ে থেমে থেমে চলাচল করছে।
 
ঢাকা থেকে ঈদে ঘরমুখো মানুষের বাড়তি গাড়ির চাপ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।এতে পণ্য পরিবহন ও যাত্রীদের গন্তব্যে পৌঁছুতে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
 
যানজটে আটকে পড়া নাটোরের বাসযাত্রী নাফিসা বুশরা জানান, আমি ছেলে-মেয়ে নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেছি। গাড়ি সারা রাস্তা ভালোই চলছিল। কিন্তু বঙ্গবন্ধু সেতু থেকে প্রচুর পরিমাণ গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ছেলে-মেয়ে নিয়ে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছি। তবুও নাড়ীর টানে বাড়ি ফিরতেই হবে।
 
ট্রাক চালক আব্দুর রহিমের অভিযোগ, এ সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোটবড় খানাখন্দের সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ দুইটি সরু সেতু রয়েছে। যে কারণে খুব ধীর গতিতে দেখে শুনে গাড়ি চলতে হচ্ছে। ঈদ এলেই সড়ক ও জনপথ বিভাগ লোক দেখানো মেরামত কাজ করে দায়িত্ব শেষ করে। এবার তাও করা হয়নি।
 
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই মিলাদুল হুদা জানান, এমনিতেই সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকে। তারপর ঈদকে সামনে রেখে শিল্প-কারখানা ছুটি হওয়ায় নাড়ীর টানে বাড়ি ছুটছে মানুষ। তাদের বহন করা বাস মহাসড়কে উঠায় কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে থেমে থেমে যানজট। এছাড়া, সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হলে যানবাহনের লম্বা সারি সৃষ্টি হয়ে ধীরগতিতে চলাচল করে।
 
ইত্তেফাক/জামান