বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৮

আপডেট : ২৩ জুন ২০১৭, ২০:১৬
 
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টায় বগুড়া-ঢাকা মহাসড়কে জেলার শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। বিকেল ৩টার দিকে বগুড়া-নাটোর সড়কে শাজাহানপুর উপজেলার রাণীরহাটে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।
 
হতাহতদের মধ্যে রাণীরহাটের দুর্ঘটনায় নিহত অটোরিকশা যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের নাকপাড়া গ্রামের মৃত গোপাল দেবনাথের ছেলে ফণিন্দ্র দেবনাথ (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
 
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, দুপুর ১টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এইচএন পরিবহনের একটি বাস হাজিপুর এলাকায় পৌঁছুলে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই শ্রমিক মারা যান। আহত হন উভয় যানবাহনের পাঁচজন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান।
 
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়কে থাকায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। দুপুর ২টা থেকে পুনরায় যান চলাচল শুরু হয়।
 
অপরদিকে বিকেল ৩টার দিকে বগুড়া-নাটের সড়কের রাণীরহাটে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বগুড়া মেডিকেল কলেজ সংলগ্ন ছিলিমপুর পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হতাহতদের মধ্যে শুধুমাত্র নিহত অটোরিকশা যাত্রী ফণিন্দ্র দেব নাথ ছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি।
 
ইত্তেফাক/জামান