ভোলায় ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ২৪ জুন ২০১৭, ১৭:৩৪
ভোলার দৌলতখান উপজেলা নিবার্হী অফিসারকে লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়াকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়া শনিবার দুপুর ১২টার দিকে পরিষদ কার্যালয়ে জেলেদের মধ্যে চাল বিতরণ করছিলেন। এ সময় দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার কামল হোসেন এসে তাকে চাল বিতরণে নিষেধ করলে চেয়ারমান ও নির্বাহী অফিসারের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে।
 
দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার মো. কামাল হোসেন জানান, ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়াকে বিভিন্ন অনিয়মের কারণে গত ২২ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। তিনি মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে চাল বিতরণ করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে তাকে ওই আদেশ দেখিয়ে চাল বিতরণ করতে নিষেধ করলে তিনি সরকারি কাজে বাধা ও আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।
 
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি