নারায়ণগঞ্জে ঈদ নিরাপত্তায় সহস্রাধিক পুলিশ

আপডেট : ২৪ জুন ২০১৭, ২০:৫৭
ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ থেকে মানুষ বাড়ি ফিরলেও নিরাপত্তার স্বার্থে তৎপর রয়েছে জেলার  সহস্রাধিক পুলিশ। 
 
ঈদের ছুটিতে চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা যেকোন ধরনের নাশকতা রোধে মাঠে সক্রিয় থাকছে পুলিশের বিশেষ টিম। 
 
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে ঈদের ছুটি, আগামী ২৭ জুন পর্যন্ত বহাল থাকবে। তাই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে নারায়ণগঞ্জ থেকে অনেকেই পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গেছেন। কিন্তু তালাবদ্ধ রেখে যাওয়া বাসাটি নিরাপদ থাকবে কিনা এ নিয়ে যেন ঘরমুখো মানুষদের মনে শংকা রয়েছে। তবে সব শংকা দূর করে স্বাচ্ছন্দে ঈদ উৎসব উদযাপনের জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মো: মতিয়ার রহমান। 
 
তিনি বলেন, ঈদে নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তায় প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জঙ্গি হামলার আশংকা নেই, তবে পুলিশ সদস্যরা সর্বত্র তৎপর রয়েছেন। আশা করি নারায়ণগঞ্জবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবেন।
 
ইত্তেফাক/ইউবি