হত্যা মামলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা চেয়ারম্যানের আত্মসমর্পণ

আপডেট : ২৪ জুন ২০১৭, ২১:১৬

কুষ্টিয়ার মিরপুরে ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মী  শাহাবুদ্দিন আহমেদ ওরফে শাহিন খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি কামারুল আরেফিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার বিকেল সোয়া তিনটার দিকে তিনি সশরীরে কুষ্টিয়ার মিরপুর থানায় গিয়ে একা আত্মসমর্পণ করেন।

কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৮ জুন বিকেলে উপজেলার আমলা বাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে যুবলীগের কর্মী শাহাবুদ্দিন আহমেদ (২৮)নিহত হন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়। কামারুল আরেফিন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।

গত ২২ জুন  আনোয়ারুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় ৪০ জনের নাম উল্লেখ করে হত্যা ও বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা করেন। এতে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কামারুল আরেফিন প্রধান আসামি।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আত্মসমর্পনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে কামারুলকে কুষ্টিয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

ইত্তেফাক/নূহু