গয়েশ্বর দিনের বেলায় বেতাল থাকেন- ড. হাছান মাহমুদ

আপডেট : ২৪ জুন ২০১৭, ২২:৫৮

মানুষ রাতের বেলায় বেতাল থাকে, গয়েশ্বর চন্দ্র রায় দিনের বেলায় বেতাল থাকেন এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে গুটিকয়েক হিন্দু রাজাকার আছে। আমি গয়েশ্বর বাবুকে হিন্দু রাজাকার বলতে চাই না। কিন্তু অনেকে বলেন, তিনি হচ্ছেন হিন্দু রাজাকার। তিনি সরকার ও আওয়ামী লীগকে নিয়ে যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে রাজাকারের মাত্রাটা বেড়ে গেছে।

খালেদা জিয়া সম্পর্কে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিলে কোনো বক্তব্য রাখেন না। অথচ বিএনপি নেত্রী ইফতার সামনে রেখে মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা আশা করেছিলাম এই রমজান মাসে বিএনপি নেত্রী সংযত থাকবেন।

‘রাঙ্গুনিয়ার ঘটনায় মামলার বাদীকে আওয়ামী লীগ সিএনজি চালক সাজিয়েছে’ মওদুদ আহমেদের এমন বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে ড. হাছান মাহমুদ বলেন, মামলার বাদী একজন সিএনজি চালক। কিছুদিন আগে সিএনজি চালক সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করেছিলেন।

মির্জা ফখরুলের হাতে আর কোনো ইস্যু না থাকায় এমন ঘটনা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলন শেষে ড. হাছান মাহমুদ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ইত্তেফাক/নূহু