হল টুর্নামেন্টের সেমিফাইনালে ফেদেরার

আপডেট : ২৫ জুন ২০১৭, ১১:২৩
 
বর্তমান চ্যাম্পিয়ন ফ্লোরিয়ান মায়ারকে পরাজিত করে হল ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে ফেদেরার ৬-৩, ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেছেন মায়ারকে।
 
বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় ফেদেরার সেমিফাইনালে কারেন কাশানোভের মোকাবেলা করবেন। রাশিয়ান কাশানোভা কোয়ার্টার ফাইনালে সতীর্থ আন্দ্রে রুবলেভকে ৭-৬ (১০/৮), ৪-৬, ৬-৩ গেমে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহে হল টুর্নামেন্টে ৩৫ বছর বয়সী ফেদেরার তিন ম্যাচে একটি সেটও হারেননি। মায়ারের বিপক্ষে এই নিয়ে খেলা আটটি ম্যাচে সবক’টিকেই জয়ী হলেন ফেদেরার, এর মধ্যে পাঁচটিই ঘাসের কোর্টে।
 
টানা ১৩ বার হল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা টুর্নামেন্টের টপ ফেবারিট ফেদেরার বলেছেন, বেসলাইনে আক্রমণাত্মক খেলাটা জরুরি ছিল। কোর্টে আমি যে বৈচিত্র ও শক্তি দেখাই সেটা মায়ারকে বুঝিয়েই আমি ম্যাচ জিতেছি।
 
ইত্তেফাক/এমআর