কানাডায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপন

আপডেট : ২৬ জুন ২০১৭, ১১:২৪
 
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় গতকাল রবিবার পালিত হয়েছে। কানাডার অটোয়া, মন্ট্রিয়ল,ভ্যাংকুভার, টরন্টো, সাসকাচুয়ান, মেনিটোভাসহ বিভিন্ন শহরে বাঙালিসহ অন্যান্য জাতীর মুসলিম সম্প্রদায় একসঙ্গে ঈদের নামাজ আদায় করে। সরকারি ছুটির দিন হওয়ায় এ বছর দিনটি বিশেষ উৎসব মুখর ছিল।
 
এদিকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক শুভেচ্ছা বার্তা পাঠান। অন্টারিও'র প্রিমিয়ার ক্যাথলিন উইনসহ অন্যান্য প্রিমিয়ারেরাও শুভেচ্ছা জানান। এছাড়াও মুসলমানদের ঈদ উদযাপনে শুভেচ্ছা জানাতে মাঠে আসে হাজির হন স্থানীয় সংসদ সদস্য ও রাজনীতিবিদরা।
 
টরন্টোতে বাঙালি পাড়ায় সব চেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ড্যানফোর্থের ড্যান্টোনিয়া পার্কে। এখানে আসেন স্থানীয় সংসদ সদস্য ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, বক্তব্য রাখেন বাংলাদেশি অধ্যুষিত টরন্টোর এলাকার বিচেস-ইস্ট ইয়র্ক এর সংসদ সদস্য ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, স্কারবোরো সাউথওয়েস্ট এলাকার সংসদ সদস্য বিল ব্লেয়ার দেখা করছেন তাঁর এলাকার ঈদগাহে।
 
উল্লেখ্য, ২০১১ সালের শুমারি অনুযায়ী কানাডায় ১০ লাখের বেশি মুসলমান রয়েছে। অপর দিকে কানাডার ডাক বিভাগ প্রথম বারের মতো ঈদ উপলক্ষে অন্টারিওর রিচমন্ড হিলে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। কানাডা পোস্টের মতে বর্ণিল নতুন ডাকটিকিটে হালকা ও ঘন নীল এবং কমলা রঙের প্রেক্ষাপটে সবার ওপরে একটি হলুদ রঙের জ্যামিতিক কাঠামো মুদ্রিত হয়েছে এবং সেটা ইসলামিক স্থাপত্যশিল্প থেকে অনুপ্রাণিত। সৌন্দর্য, ঐক্য ও আলোর গুরুত্বকে প্রতীকীভাবে তুলে ধরা সূচালো খিলানের ভেতরে আরবি হরফে লেখা রয়েছে- ঈদ মোবারক।
 
ইত্তেফাক/মোস্তাফিজ