ভারতের কোচ হতে আগ্রহী মাহেলা জয়াবর্ধনে? এমনই একটা খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে খবরটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন লঙ্কান কিংবদন্তি। জয়াবর্ধনে সোমবার টুইটারে পরিষ্কার করে দিয়েছেন, আপাতত ভারতের কোচ হওয়ার আগ্রহ তাঁর নেই। মুম্বাই ইন্ডিয়ানস আর খুলনা টাইটানসের কোচ হিসেবে যে দায়িত্ব পালন করছেন, তা নিয়েই তিনি খুশি।
জাতীয় দলের কোচ পূর্ণকালীন একটা চাকরি। টি-টোয়েন্টি লিগগুলোতে কাজ করার সুবিধা হলো, এখানে বছরে ১২ মাস ব্যস্ত থাকতে হবে না। আইপিএল বা বিপিএলের মতো টি- টোয়েন্টি লিগগুলো চলে দুই মাসের মতো। এ বছর মুম্বাই ইন্ডিয়ানসকে আইপিএল ট্রফি জিতিয়েছেন জয়াবর্ধনে। ফলে তাঁর ব্যাপারে ভারতীয়রাও আগ্রহী।
Flattered by speculation linking me to India coaching job but I am not looking at full-time positions right now.
— Mahela Jayawardena (@MahelaJay) June 26, 2017
কিন্তু জয়াবর্ধনে টুইট করে পরিষ্কার করেছেন, ‘ভারতের কোচিংয়ের চাকরিটা নিয়ে আমাকে ঘিরে যে গুঞ্জন তৈরি হয়েছে, তাতে খুশিই হয়েছি। কিন্তু আমার পক্ষে এখন পূর্ণকালীন সময়ে কোচ হিসেবে কাজ করা সম্ভব নয়। আমি মুম্বাই ইন্ডিয়ানস আর খুলনার প্রতি পূর্ণ দায়বদ্ধ। সেখানেই পুরো মনোযোগ।’
I am completely focused on current commitments with MI and Khulna.
— Mahela Jayawardena (@MahelaJay) June 26, 2017
গত মাসে বিপিএলের দল খুলনা টাইটানসের সঙ্গে দুই মৌসুমের জন্য চুক্তি করেছেন জয়াবর্ধনে। বিপিএলের স্বাদ অবশ্য নতুন নয় জয়াবর্ধনের জন্য। খেলোয়াড় হিসেবে খেলে গেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। টুইটার।
ইত্তেফাক/রেজা
