লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন হালদার গত সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টায় তিস্তা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। নিখোঁজ সুমন হালদার হবিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি রংপুর ৬১ বিজিবিতে কর্মরত থাকলেও বর্তমানে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে সংযুক্ত ছিলেন।
সোমবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের মেইন পিলার ৬ এর সাব পিলার ৩ এর নিকট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ জানান, দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়ার নেতৃত্বে ৪ সদস্যের একটি টহল দল গরু পাচারকারীদের ধরতে তিস্তা নদীর চরে অভিযান চালান। এ সময় আবুলের চর ৬/৩ এস সীমানা পিলার এলাকায় তিস্তানদীতে ভেসে যান সুমন মিয়া। এরপর তার কোন খোঁজ মেলেনি।
বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সহযোগিতা চাওয়া হলে বিএসএফ এর একটি দল তিস্তায় স্পিরিট বোটের সাহায্যে তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে ১৫ বিজিবি ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্পের একটি স্পিরিট বোট দহগ্রামের উদ্দেশ্যে রওনা করেছেন বলেও জানান লালমনিরহাট বিজিবি ব্যাটালিয়নের শীর্ষ এ কর্মকর্তা।
ইত্তেফাক/এমআর
