নালিতাবাড়ীতে বিজিবি সদস্য ও তার পরিবারের ওপর বখাটেদের হামলা

আপডেট : ২৭ জুন ২০১৭, ১৫:০১
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা পর্যটন পাহাড়ে ২৫ ব্যাটেলিয়ন বিজিবি সদস্য জামাল উদ্দিন ও তার পরিবার স্থানীয় বখাটেদের দ্বারা হামলার শিকার হয়েছেন। উক্ত্যক্তের প্রতিবাদ করায় জামাল উদ্দিনের মেয়ে, ছেলের বৌ, ভাগনে, ভাগনে বৌ ও ভাগনিকে শারীরকভাবে লাঞ্চিত করা হয়েছে। তারা নালিতাবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদের দিন বিকালে এই হামলার ঘটনা ঘটে। লাঠি-সোটা ও পাহাড়ি গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে ওদের আহত ও শারীরকভাবে লাঞ্চিত করা হয়। 
 
প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার ও পুলিশ জানায়, পানিহাতা এলাকার বাসিন্দা বর্তমানে রাঙ্গামাটি ছোট হরিণায় বরকল ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্য জামাল উদ্দিন ও তার মেয়ে তানজিলা, ছেলের বৌ, ভাগনে রাসেল মিয়া (২৩) ভাগনে বৌ লাকি বেগম (১৯) ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া ভাগনি রেহেনাসহ ৫ জন পানিহাতা পর্যটন কেন্দ্রে বেড়াতে যায়। এসময় একই এলাকার বখাটে যুবক সামাদ, মামুন, মহরসহ কয়েকজন তরুণীদের উক্ত্যক্ত করে এবং তানজিলার ওড়না ধরে টান দেয়। সাথে থাকা রাসেল ঘটনার প্রতিবাদ করলে বখাটে যুবক সামাদ ওর বন্ধুদের ফোনে ডেকে এনে ওই তরুণীদের শারীরকভাবে লাঞ্চিত করে বেধড়ক পিটিয়ে আহত করে। এই সংবাদ পেয়ে ঈদের ছুটিতে থাকা বিজিবি সদস্য জামাল উদ্দিন নিজ বাড়ি থেকে ছুটে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় ৬জন আহত হয়েছে। 
 
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। আহতরা হলেন- বিজিবি সদস্য জামাল উদ্দিন (৫৫), তার মেয়ে তানজিলা খাতুন (১৮), ছেলের বৌ, ভাগনে রাসেল মিয়া (২৩) ভাগনে বৌ লাকি ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া ভাগনি রেহেনা খাতুন (১৪)। 
 
নালিতাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুস সবুর জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাদের কাউকে পাওয়া যায়নি। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/এমআই