বিদায়ী মৌসুমে ট্র্যাকে নামার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট। এটাই তার শেষ মৌসুম বলে জানিয়েছেন তিনি।
অলিম্পিকে ৮টি সোনা-সহ ক্যারিয়ারে ১১টি সোনার মালিক বোল্ট চলতি মৌসুমের পরই ক্যারিয়ারকে বিদায় জানাতে চলেছেন। তিনি বলেন, এটাই ক্যারিয়ার শেষ করার সেরা সময়। ক্যারিয়ারে উত্থান-পতন উপভোগ করেছি। সবরকম অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সেই ক্যারিয়ার এখানেই শেষ করতে চাই।
চেক প্রজাতন্ত্রের ওস্টারাভা শহরে বুধবার আইএএএফ ওয়ার্ল্ড চ্যালেঞ্জারে নামছেন বোল্ট। তিনি বলেন, মৌসুমটা আমার কাছে অত্যন্ত আবেগের। শেষ সময়টাও ভালো করতে চাই।
এই মৌসুমে ২০০ মিটারেও ট্র্যাকে নামবেন না বলেও এ দিন জানিয়ে দিলেন ৩০ বছরের বোল্ট। বিবিসি স্পোর্টস।
ইত্তেফাক/রেজা
