তিস্তায় নিখোঁজ বিজিবি সদস্যের পরিবারে মাতম

আপডেট : ২৭ জুন ২০১৭, ১৯:৫৩
লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে নিখোঁজ বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। তার নিখোঁজের খবরে শোকে মূহ্যমান পরিবারের সদস্যদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। 
 
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামে নিখোঁজ বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়ার বাড়িতে গিয়ে কান্নার রোল দেখা যায়। বাড়িতে এসে জড়ো হন স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীসহ অসংখ্য মানুষ। সবার মাঝেই উৎকণ্ঠা তার লাশ মিলবে কি-না। 
 
পরিবারিক সূত্রে জানা যায়, ঈদে ছুটি মিলবে না, তাই রমজানে বাড়িতে এসেছিলেন সুমন। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যান ২৬ রমজান। ঈদের দিন রাত ১০টায় সর্বশেষ স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। মঙ্গলবার সকালে খবর আসে তার নিখোঁজের। এরপর থেকেই বার বার মুর্চা যাচ্ছেন জেসমিন।
 
পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালে তাদের বিয়ে হয়। তাদের কোন সন্তান নেই। ১০ ভাই ও চার বোনের মধ্যে নিখোঁজ সুমন ১২তম।
 
সুমন মিয়ার বড় ভাই আশিক মিয়া জানান, তার ভাই চোরাকারবারিদের ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি