কুমিল্লায় ২ শিশুকে গণধর্ষণ, আটক ১

আপডেট : ২৮ জুন ২০১৭, ২২:৪৭

কুমিল্লায় ২ স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ সজিব নামের এক ধর্ষককে আটক করেছে।

বুধবার সকালে নগরীর শাকতলা এলাকায় একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় বুধবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় ৩ ধর্ষককে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ ও ভিকটিমরা জানান, নগরীর একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) এবং তার বোনের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী (৮) মঙ্গলবার রাতে নগরীর বাগানবাড়ি এলাকার বাসা থেকে মায়ের সঙ্গে রাগ করে বেরিয়ে যায়। রাতে তারা নগরীর গোবিন্দপুর এলাকার পূর্ব পরিচিত একটি বাসায় রাত্রি যাপন করে। বুধবার সকাল ১০টার দিকে তারা বাসায় ফেরার পথে নগরীর শাকতলা-গোবিন্দপুর চৌমোহনী থেকে ৫/৬ জন যুবক জোরপূর্বক ২ জনকে উঠিয়ে নেয়। পরে নগরীর শাকতলা এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে।

পরে রাত ৯টার দিকে এক আত্মীয়ের সহায়তায় ভিকটিমদ্বয়কে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভিকটিমদ্বয়ের আত্মীয় জেসমিন আক্তার বাদী হয়ে ৩ ধর্ষককে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে  সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাতে সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, রাতে ভিকটিমদ্বয় থানায় আসার পর তাদের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে, এরই মধ্যে সজিব নামের একজনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু