সড়ক দুর্ঘটনা :ধামরাই ও লামায় ১৩ জন নিহত

আপডেট : ২৯ জুন ২০১৭, ০০:৪২

বান্দরবানের লামায় ও মানিকগঞ্জের ধামরাইয়ে ১৩ জনসহ চারদিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। প্রতিনিধি, সংবাদদাতাদের পাঠানো খবর-

লামা (বান্দরবান): উপজেলার আলীকদম-চকরিয়া সড়কে চান্দের গাড়ি (জিপ) দুর্ঘটনায় সোমবার চার শিশুসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে  চারজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা হলো, আলীকদম সদরের নয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (১০), মো. শফি আলমের ছেলে ছরোয়ার হোসেন (১৫), আলীকদম পান বাজার সিলেটিপাড়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে আছাদ (১৪), চকরিয়া বেতুয়া বাজার এলাকার মোজাম্মেল হক। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানিয়েছেন, ঈদ আনন্দ উপভোগ করার জন্য আলীকদম থেকে প্রায় ৩৫ জন শিশু ও কিশোর জীপগাড়ি (ঢাকা ল -২১২) যোগে কক্সবাজার যাওয়ার জন্য চকরিয়া যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হয়।

খাগড়াছড়ি: গতকাল গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে। নিহতরা হলো, তরিকুল ইসলাম (২০), ৫ মাসের অন্ত্বঃসত্তা রিপন নেছা (২৩) স্বামী-মো. ইউনুস ও তার ৪ বছরের শিশু জান্নাতুল ফেরদৌস।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): গতকাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এরা হলো- বালশাবাড়ী গ্রামের  আনোয়ার হোসেন (৩২) ও তার শ্যালক শরিফুল ইসলাম (২০) ও বেলকুচি উপজেলার লক্ষীপুর গ্রামের সবুজ।

নাটোর: ঈদের রাত ১২ টার দিকে শহরের নাটোর-বগুড়া মহাসড়কের ভাটোদারা এলাকায় বগুড়াগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একজন পথচারীকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেল, একটি অটোরিক্সা ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে আহত তুরিন, নাঈম ও ভুলু  মারা যায়। অপরদিকে গুরুদাসপুর উপজেলায় মাইক্রেবাসের চাপায় কানু নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নাজমুল শেখ (১৮) নিহত হয়েছে।

নবীগঞ্জ (হবিগঞ্জ):ঢাকা সিলেট মহাসড়কে অতিরিক্ত গর্ত থেকে বাঁচতে নবীগঞ্জ উপজেলায় গতকাল সিএনজি অটো রিকশা ও প্রাইভেট মাইক্রো মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আটজন। এতে আব্দুল আলীর ছেলে মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র ওমর আলী (১০), তার মা সুজিয়া বেগম ওরপে রওশনা বেগম (৪০) ও তজমুল আলী (৩০) মারা যান। অপরদিকে গত মঙ্গলবার উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গছের সঙ্গে ধাক্কা খায়। এতে রাস্তার পাশে বসে থাকা আয়ফর মিয়া (১৯) মারা যায়।

আমতলী (বরগুনা):আমতলী ও তালতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সোমবার ঈদের দিন সন্ধ্যায় ও বুধবার  সকালে মা মেয়েসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো- তালতলীর চন্দনতলা গ্রামের শানু মিয়া ও আমতলী তালতলী সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মা সুখী বেগম (২২) ও মেয়ে আয়সা বেগম (৩)।

সাতক্ষীরা: তালায় মঙ্গলবার পিকআপ চাপায় সাত্তার মাহমুদ নামে এক গরু ব্যাবসায়ী নিহত হয়েছেন।  তিনি তালা উপজেলার সুমদ্দিপুর গ্রামের মফেজ মাহমুদের ছেলে।

তেতুলিয়া (পঞ্চগড়):উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মকিমউদ্দীন দুন্দিয়া (৬৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভজনপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

 দিনাজপুর: মঙ্গলবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার লক্ষীতলা বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী রাজিব দেব মারা যান।

রাজবাড়ী: ভাতিজাকে চিকিত্সার জন্য এ্যাম্বুলেন্সে ঢাকা যাওয়ার পথে ভাতিজা রাসেলের (১৫) মৃত্যু হয়। পরবর্তিতে রাজবাড়ীর উদ্দেশে মানিকগঞ্জের ধামরাই এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজন ও এ্যাম্বুলেন্স  চালক নিহত হয়েছে। বুধবার মানিকগঞ্জের ধামরাইয়ে এ ঘটনা ঘটে।

এ্যাম্বুলেন্সে নিহতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের শুকুর সরদারের ছেলে (অসুস্থ) মো. রাসেল সরদার (১৫), একই গ্রামের মোস্তফা সরদার (৪০), বাচ্চু সরদারের স্ত্রী সেলিনা (২৮) এবং পার্শ্ববর্তি নিমতলা এলাকায় মাইনদ্দিনের ছেলে শফি (নিহত রাসেলের খালাতো ভাই) এবং এ্যাম্বুলেন্সের চালক।

ইত্তেফাক/নূহু