বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

আপডেট : ২৯ জুন ২০১৭, ০১:২৭

শ্যামনগরে পাউবোর বেড়িবাঁধ ভেঙে গত রবিবার গভীর রাতে ঝাঁপালী গ্রাম আংশিক প্লাবিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা দ্রুত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনকূল বাঁধ মেরামত করে। তবে যে কোনো মুহূর্তে আবার ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্ক এলাকাবাসীর।

স্থনীয় চেয়ারম্যান আব্দুর রউফ জানান, ঝাঁপালী গ্রামের নুরুল আমিন তরফদারের মত্স্য ঘের সংলগ্ন প্রায় ৬শ ফুট জায়গা জুড়ে ভাঙন দেখা দেয়। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরকে বারবার তাগাদা দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা  নেয়নি।  এ অবস্থায় গত বরিবার রাত ২টার দিকে ভেড়িবাঁধ ভেঙে লবণ পানি ভিতরে প্রবেশ করে। স্থানীয়দের সহায়তায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন কোনো রকম মেরামত করা হলেও ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে।  জোয়ারের প্রবল স্রোতে যে কোনো সময় আবারও বাঁধ ভেঙে গোটা ইউনিয়ন প্লাবিত হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ভাঙন এলাকা পরিদর্শন কালে স্থানীয়দের বলেন,  দ্রুত কাজ করার জন্য পাউবো কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৫নং পোল্ডারের এস,ও মাসুদ রানা বলেন, নুরুল আমিন তরফদার পাউবো ভেড়িবাঁধের নিচে পাইপ কল বসিয়ে পানি ওঠা নামা করার ফলে ভেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এ ঘটনায় ঘের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভাঙন এলাকা মেরামতের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু