সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

আপডেট : ২৯ জুন ২০১৭, ১৬:৩৬
 
সিরাজগঞ্জের ঢাকা- বগুড়া মহাসড়কের রায়গঞ্জের রয়হাটিতে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রায়গঞ্জের রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার দামগাড়া গ্রামের  সোলায়মান (৬৫), তার মেয়ে লিলি খাতুন (৩২), লিলি খাতুনের ছেলে সাগর (১৩) এবং মাইক্রোবাস ড্রাইভার পাবনার  বেড়া উপজেলার জারই গ্রামের আক্কাস আলীর ছেলে আব্দুল মালেক (৩৫) । সোলায়মান তার বিদেশ ফেরত ছেলেকে আনতে ঢাকায় যাচ্ছিল।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের  জানান, কুড়িগ্রামগামী  একটি বাসের সঙ্গে  রায়গঞ্জের রয়হাটি এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী  এবং হাসপাতালে নেয়ার পথে বাসের এক যাত্রীসহ মোট ৪জন নিহত হয়।  রাতেই লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
অপরদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়াতে এক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়।
 
ইত্তেফাক/এমআর