সড়ক দুর্ঘটনায় ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি গুরুতর আহত

আপডেট : ২৯ জুন ২০১৭, ১৯:০৩
নোয়াখালী জেলা শহরের পৌর বাজারে বাসের ধাক্কায় জেলার প্রবীণ সাংবাদিক, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ (৬৩) গুরুতর আহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আলমগীর ইউছুফের সঙ্গে অপর রিকশাআরোহী  নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হকও (৫০) আহত হয়েছেন। 
 
দুজনকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আলমগীর ইউসুফকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং জিয়াউল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
আহত আলমগীর ইউসুফ জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি ও জিয়াউল হক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রিকশাযোগে শহরের উজ্জলপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন। পৌরবাজার অতিক্রমকালে পেছন থেকে হিমাচল পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, বাসটিকে আটক করা যায়নি। তবে মালিক পক্ষ এ বিষয়ে সমঝোতার চেষ্টা করছেন।
 
 
ইত্তেফাক/ইউবি