রাজস্ব ফাঁকি : নাটোরের সাবেক এমপিসহ দুইজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ জুন ২০১৭, ১৯:২৪
প্রায় দুই কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে নাটোর-১ আসনের জাতীয় পার্টির (এ) সাবেক সংসদ সদস্য এম আবু তালহা ও মোংলা কাস্টমস কর্তৃপক্ষের সাবেক কমিশনার মো. নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
বৃহস্পতিবার বিকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবুল হোসেন নগরীর খালিশপুর থানায় এ মামলা দায়ের করেন। 
 
মামলার বাদী দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান, আমদানিকারক নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম আবু তালহা ২০০৫ সালের অক্টোবর মাস থেকে ২০০৬ সালের জুলাই মাসের মধ্যে বিদেশ থেকে বিভিন্ন প্রকার প্রসাধনী ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য (বিয়ার) আমদানি করেন। আমদানিকৃত মাদকদ্রব্য জাহাজের ক্রুদের মধ্যে বিক্রি করার কথা থাকলেও তা না করে বাইরে বিক্রি করেন। যার রাজস্বের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার, ৩৬০ টাকা। কিন্তু মোংলা কাস্টমসের সাবেক কমিশনার মো. নুরুল ইসলাম যোগসাজসে ওই রাজস্ব কমিয়ে মাত্র দুই লাখ টাকা করেন। এই বিষয়ে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটির প্রতিবেদনেও রাজস্বের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার, ৩৬০ টাকা। এরপর ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে দুদক তদন্ত করে ঘটনার সত্যতা পায়। ফলে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে মোংলা কাস্টমস কর্তৃপক্ষের সাবেক কমিশনার মো. নুরুল ইসলাম ও নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম আবু তালহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
 
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর আলম ইলী মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান এখনও কেউ গ্রেফতার হয়নি।
 
এর আগে মানি লন্ডারিং আইনের মামলায় ২০১৬ সালের ১৬ অক্টোবর গ্রেফতার হন সাবেক কাস্টমস কমিশনার মো. নুরুল ইসলাম।