ময়মনসিংহ মেডিকেলের আরো ২ রোগীর মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৭, ২০:৫৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) নতুন ভবনের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডে লাইফ সাপোর্ট থাকা ৬ রোগীর মধ্যে বৃহস্পতিবার আরো দুইজন মারা গেছেন। এ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে সাত সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু করেছেন। 
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুরের সখিনা (২০) ও ময়মনসিংহের তারাকান্দার হাবিবুর রহমান (৩৬) নামে  দুই রোগী মারা গেছেন। এর আগে বুধবার পর্যন্ত  মারা গেছেন হেলাল উদ্দিন ও সুরুজ মিয়া। আগুন লাগার আগে আইসিইউতে ছয়জন রোগী ছিলেন। আগুন লাগার পর তাদের লাইফ সাপোর্ট খুলে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে সরিয়ে নেয়া হয়েছিল।
 
এদিকে আগুনের ঘটনা তদন্তে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার থেকে হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গনির নেতৃত্বে তদন্ত কাজ শুরু করেছেন। হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গনিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটির অপর সদস্যরা হচ্ছেন আইসিইউ ইউনিটের প্রধান ও ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান, হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার, ডা. আবুল কাশেম, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী তাওহীদুর রহমান, ফায়ার সার্ভিসের স্থানীয় সহকারী পরিচালক শহীদুর রহমান ও আইসিইউ ইউনিটের কর্তব্যরত নার্স।
 
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শহীদুর রহমান জানান, আইসিইউ’র স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে। তদন্ত শেষে বলা যাবে আসলে কীভাবে আগুন লেগেছে।
 
উল্লেখ্য, ঈদের পরের দিন মঙ্গলবার হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে আইসিইউ-তে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
ইত্তেফাক/ইউবি