মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চরশিলিন্দা গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে মেঘনার শাখা খিরাই নদীতে প্রায় ৩শ’ ২০ ফুট লম্বা কাঠের ব্রিজ নির্মাণ হয়েছে। মতলব দক্ষিণ উপজেলার চরশিলিন্দা-নারায়ণদিয়া, বকচর, পিতাম্বর্দী, কাচিয়ারা, বিশ্বাসপুরসহ দাউদকান্দি উপজেলার প্রায় ১০/১২টি গ্রামের লোকজন এ ব্রিজ ব্যবহার করে যাতায়াত সুবিধা ভোগ করবে। এতে একদিকে গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে এবং অন্যদিকে দাউদকান্দি দিয়ে ঢাকা যেতে সময় বাচবে প্রায় দুই ঘন্টা।
ব্রিজের উদ্যোক্তা প্রবাসী আলম প্রধান জানান, এ এলাকার লোকজন অনেক কষ্ট করে দীর্ঘদিন নৌকা ও বিভিন্ন উপায়ে এ নদী দিয়ে যাতায়াত করতো। দুই উপজেলার মাঝখানে হওয়ায় কেউই এ নদীর উপর ব্রিজ নির্মাণ করেনি। আমি ও আমার এলাকার লোকজন অনেক কষ্ট করে এখান দিয়ে বহু বছর যাতায়াত করতাম। তাই বিদেশ থেকে এসে খোকন প্রধান, জসিম উদ্দিন, আবুল কালাম, ইদ্রিছ মিয়া ও মিস্ত্রি মোঃ আনোয়ার হোসেনসহ গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘ তিন মাসে ১২শ’ শ্রমিকের স্বেচ্ছাশ্রমে ব্রিজটি নির্মাণ করি। এতে ১২ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।
ইত্তেফাক/নূহু
