সিরাজগঞ্জে গত তিনদিনে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন। এরমধ্যে সড়ক দুর্ঘটনায় আটজন, দুই গ্রুপের সংঘর্ষে তিনজন, দুইজনকে হত্যা, বিদ্যুৎস্পৃষ্টে একজন ও এক নববধূর মৃত্যু খবর পাওয়া গেছে।
২৯ জুন বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার রয়হাটিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার ধামগাড়া গ্রামের মৃত কিয়ামত উল্লাহ মণ্ডলের ছেলে সোলেমান হোসেন (৬৫), তার পুত্রবধূ ও হারুনর রশীদের স্ত্রী লিলি আকতার (৩৫), তার ছেলে সাগর হোসেন (১২) ও মাইক্রোবাস চালক পাবনার বেড়াগ্রামের আব্দুল খালেক (৩২)।
ওই দিন বেলা ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় হরিণচড়ায় বাস চাপায় আকতার হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সে সলঙ্গা থানার দক্ষিণ পুস্তিগাছা গ্রামের বাসিন্দা।
২৮ জুন বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকায় বাসচাপায় মোটর সাইকেলের আরোহী উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী গ্রামের সর্গেশ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) ও তার শ্যালক একই গ্রামের শাহেব আলীর ছেলে শরীফুল ইসলাম (২৫) মারা যান।
ওই দিন দুপুর ২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় বোনের বাড়ী থেকে দাওয়াত খেয়ে যাওয়ার পথে সিএনজি চালিত অটোরিকশা উল্টে গিয়ে সবুজ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সবুজ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের লক্মীপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। এদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সরকারদলীয় নেতাকর্মীদের বরাদ্দকৃত টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলার পাইকোশা গ্রামের দানেশের ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বিভাগের ছাত্র ফরিদুল ইসলাম (২২) ২৯ জুন বৃহস্পতিবার সকালে মারা যান এবং বাগবাড়ী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ঝাঐল ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও শহিদুল বুলবুল কারিগরি কলেজের কৃষি বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র শিপন (২২) বুধবার রাতে মারা যান। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা সংঘর্ষে আহত ফরিদুল ইসলাম ও শিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় প্রভাব বিস্তার ও নানামুখী দ্বন্দ্বে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসসোন্দা গ্রামে ঈদের নামাজ শেষে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৭ জুন মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নলসোন্দা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সামিউল ইসলাম লাল (২৭) মারা যায়। উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ লালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লাপাড়া উপজেলার পৌরশহরের ঘোঁষগাতী মহল্লার বাসিন্দা ট্রাক চালক সজীব আহমেদ (৩৬) কে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সজীবের স্ত্রী রাজিয়া সুলতানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়গঞ্জের ধানঘরা ইউনিয়নের করিলাবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ঐ গ্রামের মৃত এন্তাজ আলীর পুত্র রফিকুল ইসলাম (৪০) ও তার ছোট ভাই জাহিদুল ইসলামের (২৬) সাথে ঝগড়া ও ধাক্কা-ধাক্কি হয়। এক পর্যায়ে জাহিদুলের ধাক্কায় রফিকুল সো-কেসের উপর পড়ে যায়। সো-কেসের কাঁচ ভেঙ্গে বুকের বাম পাশে ঢুকে রফিকুল মারাত্মক আহত হয়ে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ জুন বৃহস্পতিবার ভোর রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবীর গ্রামে বিয়ের তিন ঘণ্টা পর বাসর রাতেই আঁখি খাতুন (২০) নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আঁখি খাতুন একই গ্রামের আব্দুল মমিনের স্ত্রী ও সিরাজগঞ্জ সদর এলাকার রানীগ্রামের আবু বক্কর মেয়ে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর আলম ও ব্রহ্মগাছা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন নববধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ জুন মঙ্গলবার কাজিপুর পৌরসভার বেড়িপোটল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাসুদ রানা (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। কাজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর টি,এম শফিকুল ইসলাম কুরান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
